উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারি কারখানার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
অভিযানকালে মুক্তারপুর বিসিক শিল্পনগরীর বন্ধু ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এ সময় কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কারখানাটিতে ডাস্টবিন খোলা অবস্থায় রাখা ছিল। কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবানের ব্যবস্থাও ছিল না। এছাড়া কেকের নিচে স্বাস্থ্যসম্মত কাগজের পরিবর্তে পুরোনো খবরের কাগজ ব্যবহার করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে কারখানার পরিবেশ উন্নত করা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।