প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন,
“জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান হওয়া উচিত।”
তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে।
মন্ত্রী আরও বলেন,
“আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার তা বাস্তবায়নের চেষ্টা করছে।”
মির্জা ফখরুল বলেন, দেশে অনেক আন্দোলন হয়েছে। এখন প্রয়োজন সংসদে আলোচনার মাধ্যমে এমন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর অধিকার আদায়ে সহিংসতার পথে নামতে না হয়।
তিনি সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন,
“এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। মাত্র অল্প সময়ে গত ১৬ বছরের অপকর্ম থেকে পুরো জাতিকে শোধরানো সম্ভব নয়।”
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।