উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই বাড়ির কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ-ছয় মাস আগে বিয়ে করেন।
স্থানীয়রা জানান, রোববার রাতে রায়হান স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার ঝগড়া হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান। এ সময় রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন বলে জানা গেছে।
পরে কিছু দূর যাওয়ার পর স্ত্রী আবার ঘরে ফিরে এসে দেখেন, রায়হান সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”