উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজং থানায় দায়ের করা যৌনপীড়নের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফুলকচি এলাকা থেকে মো. উজ্জল দেওয়ানকে গ্রেফতার করা হয়।
লৌহজং থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) রাজীব সরকারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফুলকচি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি উজ্জল দেওয়ানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করা মামলা নম্বর-১৮ (তারিখ: ২০/০৭/২০২৬)-এর আওতায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি লৌহজংয়ে একাধিক যৌন নির্যাতন ও শিশু নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এ অবস্থায় পুলিশের এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। একই সঙ্গে তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”