উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের সিংড়ায় বিয়াশ-রাতাল সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার চাতরা ব্রিজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
জানা গেছে, উপজেলার ২ নম্বর ডাহিয়া ও ৩ নম্বর ইটালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল বিয়াশ থেকে রাতাল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের দুই পাশে এসব গাছের চারা রোপণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে একই কর্মসূচির আওতায় ডাহিয়া ইউনিয়নের তাড়াই থেকে একশিং সড়কেও বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, সড়কের পাশে বৃক্ষরোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যতে ছায়া ও ফলজ সম্পদের সুযোগ সৃষ্টি হবে।