উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের জন্য রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু ও নবায়ন ব্যবস্থায় নতুন সুবিধা চালু করেছে দেশটির সরকার। এখন থেকে গৃহকর্মীদের ইকামা ন্যূনতম তিন মাস মেয়াদেও নবায়ন করা যাবে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এই নতুন ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, গৃহকর্মী নিয়োগকারী ব্যক্তিরা এখন থেকে প্রয়োজন অনুযায়ী ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি দেশটির সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে সম্পন্ন করা যাবে।
এর আগে গৃহকর্মীদের ইকামা নবায়নের ক্ষেত্রে সাধারণত এক বা দুই বছরের ফি একসঙ্গে পরিশোধ করতে হতো। এতে অনেক নিয়োগকর্তার ওপর এককালীন বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতো। নতুন ব্যবস্থায় সেই চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সৌদি গণমাধ্যম ওকাজ জানিয়েছে, নতুন পদ্ধতিতে নিয়োগকর্তারা শুধু নির্বাচিত মেয়াদের জন্যই ইকামার ফি পরিশোধ করবেন। ফলে তিন মাস বা এর গুণিতক মেয়াদ অনুযায়ী কিস্তিতে ফি পরিশোধের সুযোগ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, গৃহস্থালি কাজের পরিবর্তিত চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের রেসিডেন্সি সেবা আধুনিকায়ন, সরকারি কার্যক্রম সহজীকরণ এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।