উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন ডেস্ক রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-কে ঘিরে চলা বিতর্কে স্বামী অভিনেতা রাম কাপুরের পাশে দাঁড়িয়েছেন টেলিভিশন অভিনেত্রী গৌতমী কাপুর। সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের অভিযোগ তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি রামের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন।
গৌতমী বলেন, অনেকেই রামকে ‘অসভ্য’, ‘থার্কি’ বা ‘অশালীন’ বলে মন্তব্য করছেন। কিন্তু বাস্তবে তিনি এমন মানুষ নন। তার ভাষায়, “রাম খুবই হৃদয়বান মানুষ। তিনি কোনো কৌশল বা পরিকল্পনা ছাড়াই এই শোতে অংশ নিয়েছেন।”
তিনি আরও বলেন, যদি রাম সত্যিই অশোভন আচরণ করতেন, তাহলে অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা প্রথম দিকেই এর প্রতিবাদ করতেন। কয়েক সপ্তাহ একসঙ্গে থাকার পর হঠাৎ এই অভিযোগ সামনে আসায় তিনি প্রশ্নও তোলেন।
গৌতমীর দাবি, দর্শকরা কেবল সম্পাদিত (এডিটেড) পর্বই দেখেন। ফলে পুরো ঘটনার প্রেক্ষাপট না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর মন্তব্য করা উচিত নয়। এসব মন্তব্য তাদের পরিবারকেও মানসিকভাবে প্রভাবিত করছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক এক পর্বে শ্রেয়া কালরা অভিযোগ করেন, রাম কাপুর ব্যক্তিগত সীমারেখা বজায় রাখেননি এবং তার আচরণে তিনি অস্বস্তি বোধ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে রাম আবার তাকে চুমু দেওয়ার চেষ্টা করলে তিনি আপত্তি জানাবেন।
এর আগে একটি টাস্ক জয়ের পর রাম কাপুর শ্রেয়ার গালে চুমু দিয়েছিলেন, যা নিয়েই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।
বর্তমানে ফারাহ খান ও রিতেশ দেশমুখ সঞ্চালিত ‘লক আপ: সচ ইয়া সাজা’ অনুষ্ঠানে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।