উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ জুলাই) রাতে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশ নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, “আমাদের যে আইন হয়েছে, সেই আইনে কিন্তু দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। তাই এ বিষয়ে এখনই আলোচনা না করলেও চলে। তবে প্রতিটি ক্ষেত্রে আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবো।”
ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কার্যক্রম এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বিষয় তুলে ধরেন।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, দেশ ও জাতি তাদের অবদান স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, আগামী দিনেও সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ এগিয়ে নেওয়া হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এ নৈশভোজে ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন প্রতিনিধি অংশ নেন। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও জমিয়তে ইসলাম বাংলাদেশ এতে অংশ নেয়নি।