উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নজরুলসংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে তাঁর সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, প্রেম ও দেশপ্রেমের আদর্শ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং একটি মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর আদর্শ অনুসরণ সময়ের দাবি।