উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা চার দিন ধরে অনশন করছেন এক তরুণী। তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নেছারাবাদ থানায় অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী তরুণী মারজিয়া (১৮)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত প্রেমিক আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে মারজিয়ার সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারজিয়ার অভিযোগ, সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। গত ১৭ জুলাই ইমনের কথামতো তিনি মরিচবুনিয়া বাজারে গেলে সেখান থেকে তাকে নিজের বাড়িতে নিয়ে যান ইমন। পরে ইমনের বাবা-মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে ইমনও বিয়েতে রাজি হননি।
এরপর থেকে বিয়ের দাবিতে ইমনের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন মারজিয়া। এ ঘটনায় ইমন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”