উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মেসার্স আদর্শ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকার বিভিন্ন ফার্মেসিতে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স আদর্শ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ফার্মেসির মালিক ইমরান হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা প্রদর্শন না করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।