উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকা পড়া এক মা ও তার দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, কলেজ ভবনের একটি লিফটে মা ও শিশু আটকা পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন লামিয়া আক্তার মিম (২৪) এবং তার দুই বছর বয়সী মেয়ে মরিয়ম হাসনাইন আরিফা। লামিয়া আক্তার মিম সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, ক্লাস শেষে লিফটে করে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। প্রথমে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।
ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার হওয়ার পর মা ও শিশুকন্যা দুজনই সুস্থ রয়েছেন।