উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশে তুলে দেয়।
অভিযুক্তরা হলেন— বগুড়া সদর উপজেলার ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান, আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম। তাদের মধ্যে মাহবুবুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে একটি মামলায় কারাগারে থাকায় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্তরা ওই নারীর ওপর নির্যাতন চালান। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং স্থানীয়রা দুই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে হেফাজতে নেয়। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।