উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বুধবার (২২ জুলাই) দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাটনা, সুরাট ও লখনউসহ একাধিক শহরে আন্দোলনকারীরা রাজপথে নেমে প্রতিবাদ জানান।
বিরোধী দলগুলো এবং সিজেপি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে বিক্ষোভ অব্যাহত থাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পুলিশ আটক করে। তারা নিট পরীক্ষা-সংক্রান্ত বিতর্কের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদ জানান।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রায় ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে মহারাষ্ট্র, পাটনা, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও সুরাটেও আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
এদিকে উত্তরপ্রদেশের লখনউতে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের পৃথক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। কংগ্রেসের মিছিল আটকে দিলে দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে কয়েকজন নেতাকে আটক করা হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। দিল্লি হাইকোর্ট পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্র ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, বডি-ক্যামেরার রেকর্ডিংসহ সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সূত্র: ফার্স্টপোস্ট