উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বাড়ি থেকে ডাকাতি হওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে ডাকাতি হওয়া ৫টি গরু উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার হাট তাজপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০), নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭) এবং বগুড়ার আদমদিঘী উপজেলার শান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. গোলাম রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু ডাকাতির ঘটনার পর থেকেই অপরাধীদের শনাক্তকরণ এবং ডাকাতি হওয়া গরু উদ্ধারে পুলিশ তৎপর ছিল।
তিনি বলেন, গত সপ্তাহে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে পুনরায় অভিযান পরিচালনা করে আরও তিনজনকে গ্রেপ্তার এবং ডাকাতি হওয়া ৫টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ওসি আরও বলেন, আটককৃতদের মধ্যে অনেকেই অস্ত্র মামলা, ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।