উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি দেশে ফিরলেন।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবর প্রকাশের পর স্পিকারের আগাম দেশে ফেরার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।