উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশে ফিরে সাংবাদিকদের স্পিকার জানান, তার মেডিকেল চেকআপ শেষ হওয়ায় ব্যক্তিগত কাজে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছু শুনেননি। এখন বিষয়টি জানবেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার দায়িত্ব পালন করবেন।”
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়।
এ ছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর ৯০ কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার বিধান রয়েছে।