প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সৌদি যুবরাজের মৃত্যু
দীর্ঘ তদন্ত শেষে করনারের প্রতিবেদন—মদ্যপান ও মাদক সেবনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু
সৌদি আরবের রাজপরিবারের সদস্য ও যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদের মৃত্যুর কারণ সম্পর্কে দীর্ঘ তদন্ত শেষে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনের পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম
স্কাই নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের কেনসিংটনে অবস্থিত একটি ম্যারিয়ট হোটেলের বিলাসবহুল স্যুইট থেকে ২৯ বছর বয়সী ওই যুবরাজের মরদেহ উদ্ধার করা হয়।
হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী নির্ধারিত সময়ে কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ জরুরি সেবায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে প্যারামেডিকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘ তদন্ত শেষে করনার অফিস জানিয়েছে, এটি একটি
দুর্ঘটনাজনিত মৃত্যু (Accidental Death)।
তদন্তে উঠে এসেছে, মৃত্যুর আগে যুবরাজ মদ্যপান করেছিলেন এবং অন্যান্য মাদকও গ্রহণ করেছিলেন। টক্সিকোলজি পরীক্ষায় তার শরীরে প্রতি ১০০ মিলিলিটার রক্তে ২২২ মিলিগ্রাম অ্যালকোহল এবং মাদকের উপস্থিতি পাওয়া যায়।
করনারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তার শরীরে পূর্ব থেকে উল্লেখযোগ্য কোনো শারীরিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত অ্যালকোহল ও মাদক সেবনের কারণে হৃদ্যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
যুবরাজের আকস্মিক মৃত্যু গত বছর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে প্রকাশিত এই প্রতিবেদনের মাধ্যমে মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেল।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।