উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে সবজি বাজারের পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দামও। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের বাড়তি চাপের মুখে ফেলেছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ভালো মানের বাছাই করা পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তিন-চার দিন আগেও একই মানের পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। মাঝারি মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।
পাইকারি বাজারেও দাম বেড়েছে। বর্তমানে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।
ব্যবসায়ীরা জানান, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন উৎপাদন এলাকা থেকে ঢাকায় পেঁয়াজ সরবরাহে টানা বৃষ্টির কারণে বিঘ্ন ঘটছে। অনেক স্থানে গুদামে পানি ঢুকে পেঁয়াজ নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে মোকাম থেকেই বাড়তি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।
মালিবাগ রেলগেট কাঁচাবাজারের বিক্রেতা আবদুল হাকিম বলেন, টানা বৃষ্টির কারণে মোকামেই পেঁয়াজের দাম বেড়েছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়ার মধ্যে পেঁয়াজের নতুন এই মূল্যবৃদ্ধি তাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ৪০ টাকায় কেনা পেঁয়াজ এখন ৬০ টাকায় কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন একাধিক ক্রেতা।
ব্যবসায়ীদের আশঙ্কা, বৃষ্টি ও বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।