উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ১১০ বোতল উইন কোরেক্স (ফেনসিডিলজাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজ (গুলি) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. তুষার শেখ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা গ্রামের একটি ভাড়াবাড়ির সামনে উঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার মৃত শেখ করিমের ছেলে তুষার শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১০ বোতল উইন কোরেক্স এবং পিতলের তৈরি ৩২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক ও গুলির ঘটনায় শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত তুষারের সঙ্গে কোনো ব্যক্তি বা মাদক-অস্ত্র চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।