উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় প্রতিবেশী এক ভাগনিকে বিয়ে করার অভিযোগে যুবদল নেতা আরিফ প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আরিফ প্রধান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগে জানা যায়, প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও আরিফ প্রধান প্রতিবেশী এক ভাগনির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ে করেন। এ ঘটনায় তার প্রথম স্ত্রী লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আদালত আরিফ প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।