উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের বিখ্যাত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।
স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি।
স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ জানায়, ঘটনাস্থলে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী শিশুটিকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের একজন সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি হননি। তবে অন্য আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সিয়াটল পুলিশ জানায়, সিয়াটল সেন্টার এলাকায় গুলির এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় সিয়াটল সেন্টারে ‘বাইট অব সিয়াটল’ নামে জনপ্রিয় একটি খাবার উৎসব চলছিল। সপ্তাহান্তের এই আয়োজন উপলক্ষে সেখানে শত শত খাবারের স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। হামলার পর উৎসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র: বিবিসি, এএফপি