প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: আফরোজা খানম
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাদেশ অ্যাভিয়েশন অগ্রযাত্রায় একটি নতুন যুগে প্রবেশ করছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা আধুনিক বিমানবন্দর অবকাঠামো গড়ে তুলছি, যাত্রীসেবার মান উন্নত করছি এবং বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের যোগাযোগ সম্প্রসারণে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরের সঙ্গে সংযুক্ত করবে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক এয়ারলাইনস, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”
বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে আফরোজা খানম বলেন, “গত ৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে বিদেশি এয়ারলাইনস হিসেবে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লাখ লাখ যাত্রীর যাতায়াত সহজ করেছে, প্রবাসী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণকে সহায়তা করেছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ নিশ্চিত করেছে। এভাবে সৌদিয়া শুধু একটি এয়ারলাইনস নয়, বরং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, সৌদিয়া, এইচএসবিসি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে অ্যাভিয়েশন খাতের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মিরাজ হোসেন সুজন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।