উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং থানার এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. মুন খান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৩৫ গ্রাম হেরোইন ও ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মুন খান শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের মৃত দিপু খানের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লৌহজংসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লৌহজং থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।