উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে মাদক, অবৈধ ড্রেজার কার্যক্রম ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ-এর সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পরিতোষ ঘোষ, হাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের টঙ্গিবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ওবায়দুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তারা বলেন, মাদক কারবার, অবৈধ ড্রেজার পরিচালনা এবং কিশোর অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বক্তারা আরও বলেন, "জনগণ সচেতন না হলে শুধুমাত্র প্রশাসনের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই অপরাধ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"