উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় হাবিব (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে নরসিংপুর এলাকার বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবের বাবা হাসেম মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে ফেরিঘাটের পাশে একটি আখের রসের দোকান পরিচালনা করে আসছেন। ঘটনার দিন জোহরের নামাজ আদায়ের জন্য তিনি দোকানের সামনে একটি প্লাস্টিকের চেয়ারে ছেলে হাবিবকে বসিয়ে মসজিদে যান।
নামাজ শেষে ফিরে এসে তিনি দেখেন, একটি সিমেন্টবোঝাই ট্রাক তার ছেলেকে চাপা দিয়েছে। শিশুটি চেয়ারসহ ট্রাকের চাকার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক ও এর চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ওই এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।