উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, জরিমানার এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করা হবে।
বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর সাংবাদিকদের তিনি জানান, একই বিষয়ে জিপিএইচ ইস্পাত এর আগে হাইকোর্টে একটি রিট আবেদন করে আদেশ পেয়েছিল। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন। ফলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন ছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে বিষয়টি চলমান থাকা সত্ত্বেও জিপিএইচ ইস্পাত একই বিষয়ে নতুন করে মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞার আবেদন করার সময় আগের রিট, স্থগিতাদেশ ও বিচারাধীন মামলার তথ্য আদালতকে জানায়নি।
তিনি বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল।
এ ঘটনায় জিপিএইচ ইস্পাতের আইনজীবীরা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়, আগের মামলার বিষয়টি তাদের জানানো হয়নি।
পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অর্থদণ্ড আরোপ করেন। আদালত নির্দেশ দেন, এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে এবং সেই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহতদের চিকিৎসা ও কল্যাণে ব্যবহার করতে হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই আদেশ বিচারব্যবস্থার প্রতি অসততা, তথ্য গোপন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।