উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যাংকের মাধ্যমে চালু হবে ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট’; অনলাইন কেনাকাটা, হোটেল বুকিং ও ভিসা ফি পরিশোধ হবে আরও সহজ
দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও ডিজিটাল করতে ব্যাংক-নিয়ন্ত্রিত আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাদাতাদের সঙ্গে সমন্বয় করে বৈদেশিক ডিজিটাল লেনদেন পরিচালনা করতে পারবে।
এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা হয়েছে।
নতুন নীতিমালার আওতায় ভ্রমণ ব্যয়, নির্ধারিত সীমার মধ্যে অনলাইন কেনাকাটা, সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, ভিসা প্রক্রিয়াকরণ ফি এবং অনলাইনে হোটেল বুকিংয়ের অর্থ পরিশোধ করা যাবে। ফলে দেশের ব্যাংকগুলো ভবিষ্যতে পেপাল, পেওনিয়ারসহ আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের সঙ্গে চুক্তি করে এসব সেবা চালুর সুযোগ পাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, আন্তঃসীমান্ত সেবা বাণিজ্য সহজ করা এবং দেশের পেমেন্ট অবকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় ব্যক্তি পর্যায়ে ডিজিটাল ওয়ালেট, স্টোরড-ভ্যালু অ্যাকাউন্ট বা অনুরূপ পেমেন্ট সুবিধা চালু করা যাবে। এসব হিসাবকে ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) নামে অভিহিত করা হবে। তবে ব্যক্তির নামে খোলা ডিভিএ স্বাধীন বা স্বতন্ত্রভাবে অর্থায়িত ব্যাংক হিসাব হিসেবে পরিচালিত হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিভিএর সব ধরনের লেনদেনের ওপর সংশ্লিষ্ট ব্যাংকের পূর্ণ নজরদারি থাকবে। এছাড়া প্রতিটি ডিভিএর জন্য একটি সমান্তরাল হিসাব বা ‘মিরর লেজার’ ব্যাংকের নিজস্ব ব্যবস্থায় সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে লেনদেন পর্যবেক্ষণ, হিসাব সমন্বয় এবং বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিল সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ডিভিএর মাধ্যমে পরিচালিত সব বৈদেশিক লেনদেন নির্ধারিত সীমা ও অনুমোদিত উদ্দেশ্যের মধ্যেই সম্পন্ন করতে হবে। একই সঙ্গে অননুমোদিত ব্যবহার ঠেকাতে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা, লেনদেনের সীমা এবং পূর্ণাঙ্গ অডিট ট্রেইল নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট ব্যবস্থা ব্যবহারে বাংলাদেশের ব্যবহারকারী ও ফ্রিল্যান্সারদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং বৈদেশিক ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।