উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এয়ার ইন্ডিয়ার লন্ডন-বেঙ্গালুরুগামী একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে (ফুয়েল কন্ট্রোল সুইচ) কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারত সরকার।
বুধবার (২৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডন থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় ওই বিমানের পাইলটরা জ্বালানি নিয়ন্ত্রণ ব্যবস্থায় সম্ভাব্য ত্রুটির বিষয়টি জানিয়েছিলেন।
ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলিধর মোহল দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে জানান, বোয়িংয়ের পক্ষ থেকে ওই বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচের বিস্তারিত পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিমানের সম্পূর্ণ থ্রাস্ট কন্ট্রোল মডিউল বর্তমানে বোয়িংয়ের একটি কারখানায় পরীক্ষা করা হচ্ছে।
এর আগে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান ভারতের আহমেদাবাদে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনার পর বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়।
বিশ্বব্যাপী বোয়িং ৭৮৭ মডেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে। তবে ভারত সরকার জানিয়েছে, লন্ডন-বেঙ্গালুরু ফ্লাইটের ঘটনায় পরীক্ষা করা জ্বালানি সুইচে কোনো ত্রুটি শনাক্ত হয়নি।