উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নওগাঁ সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধা নারী ও তার চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক ব্যক্তির দাঁত ভেঙে যাওয়া এবং কানের পর্দা ফেটে যাওয়ার দাবি করা হয়েছে। ঘটনার পর তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী আবু রাইহান কবিরাজ (৫০) নওগাঁ শহরের চকদেবপাড়া এলাকার বাসিন্দা। মামলায় জুমাতুল এম ইসলাম (৩৫), মো. সিরাজুল ইসলাম (৫০) ও মো. মমিজুল ইসলাম কবিরাজকে (৬০) আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, কুমুরিয়া মৌজার একটি জমি নিয়ে জুমাতুল এম ইসলামের সঙ্গে তার মা বিলকিস আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন জুমাতুল এম ইসলাম ও তার সহযোগীরা জমিটি দখলের চেষ্টা করলে বিলকিস আক্তার ও তার চাচাতো ভাই আবু রাইহান সেখানে গিয়ে বাধা দেন। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, হামলায় তার বাম হাত গুরুতর আহত হয়, একটি দাঁত ভেঙে যায় এবং মাথায় আঘাতের কারণে বাম কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়। একই সঙ্গে বিলকিস আক্তারকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং উপস্থিত অন্যদেরও মারধরের অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আবু রাইহান কবিরাজ বলেন, তার চাচির অনুরোধে ঘটনাস্থলে গিয়ে তিনি হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যক্তিগত ব্যবহারের মোবাইল ফোনও ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার অভিযোগ তদন্তাধীন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।