উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জিত অর্থ আত্মসাৎ, সম্পত্তি নিয়ে প্রতারণা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন মুন্সীগঞ্জের এক প্রবাসফেরত ব্যক্তি।
অভিযোগকারী মো. মোয়াজ্জেম শেখ (৪৫) উপজেলার পূর্ব কাকালদী গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, প্রবাসে কর্মরত থাকাকালে পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত স্ত্রী ইতি বেগমের কাছে অর্থ পাঠাতেন। সেই অর্থ দিয়ে নিজের নামে জমি ক্রয় ও বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার। কিন্তু দেশে ফিরে জানতে পারেন, তার পাঠানো অর্থে কেনা বিভিন্ন সম্পত্তি স্ত্রীর নামে নিবন্ধন করা হয়েছে। এমনকি তার উপার্জনের অর্থে স্ত্রীর পৈতৃক জমিতে ঘর নির্মাণ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে মোয়াজ্জেম শেখ উল্লেখ করেন, গত ২৭ জুলাই মালখানগর এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে সম্পত্তির হিসাব চাইলে স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজন তার ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, তাকে মারধর করে হাত বেঁধে আটকে রাখা হয়। পরদিনও তাকে বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে বাবু নামে এক ব্যক্তি তার বাম চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, নির্যাতনের সময় পানি চাইলে তাকে অপমানজনকভাবে টয়লেটের বদনায় করে পানি দেওয়া হয়। পরে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং কষ্টার্জিত অর্থ ও সম্পত্তির হিসাব চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইতি বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"