উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার নাজমা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত নাজমা বেকারির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে কারখানায় খাবার উৎপাদনের পরিবেশে নানা অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন উৎপাদন এলাকা, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকা, বাধ্যতামূলক নিবন্ধনের ঘাটতি, মেঝেতে খাদ্যপণ্য রাখা এবং একই স্থানে খাদ্য উৎপাদন ও টয়লেটের অবস্থান।
এ ছাড়া উৎপাদনস্থলে বিড়ালের বিচরণ এবং টয়লেটে হাত ধোয়ার জন্য সাবান না থাকার বিষয়টিও অভিযানে উঠে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে এসব অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। নির্দেশনা না মানলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী নিয়মিত মামলা করা হবে বলেও জানানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।