উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি মডেল থানা জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে।
পরে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোগল কাবাবের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তাদের কাছ থেকে চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা স্বর্ণ বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা বহন করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।