উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের টিম লিডার বোরহান আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। তারা সবাই দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সংঘর্ষের পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে আটজন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।