উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, আগেও যারা ঘুষ নিতেন, তারা এখনো একইভাবে কাজ আটকে দিচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদের জানা দরকার। আমি দেখছি, কিছুই পরিবর্তন হয়নি। যারা ঘুষ খেত, তারা এখনো ঘুষের ফাইল আটকে দিচ্ছে। ভালো একটি কাজও একইভাবে আটকে দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “ভোল পাল্টে তারা আবার ফিরে এসেছে। এখন তারা আরও বড় যোদ্ধা হয়ে গেছে।”
বিএনপি মহাসচিব বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশে পরিবর্তন দেখতে চেয়েছেন। তবে এখনো পুরোপুরি সেই পরিবর্তন দেখতে না পেলেও আশাবাদী তিনি।
তিনি বলেন, “আমাদের মধ্যে আশাবাদ রয়েছে। কারণ, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখছি—তিনি তারেক রহমান।”
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন। সবাই মিলে সহযোগিতা করলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবর্তনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে তরুণরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে আসে।
তিনি বলেন, “প্রথমে তারা নিজেদের দাবিতে রাস্তায় নেমেছিল, পরবর্তীতে সেই দাবি পরিবর্তনের দাবিতে পরিণত হয়।”
জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, অনেক প্রাণের বিনিময়ে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। এই আত্মত্যাগের মূল্য ধরে রাখতে হবে।
তিনি বলেন, “যদি আমরা এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, তাহলে মায়েদের অশ্রু ও রক্তের স্রোত বৃথা যাবে।”
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে অনেক সময় মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আসে।
তিনি বলেন, “আমার কাছে মনে হয়, একটা রসায়ন কাজ করে—আমি ক্ষমতায় আছি। ওই চেয়ারটার আলাদা একটা কেমিস্ট্রি আছে, যা মানুষকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করিয়ে দেয়।”
তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মেধাভিত্তিক ও তরুণদের উপযোগী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।