উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রহণযোগ্য, দক্ষ ও আস্থাভাজন ব্যক্তিকে বেছে নিতে চায় বিএনপি; দলীয় ফোরামে আলোচনার ইঙ্গিত
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। বিএনপির ভেতরে ও বাইরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা থাকলেও শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব সমীকরণ।
দলীয় সূত্র জানিয়েছে, অতীত অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে দক্ষ, গ্রহণযোগ্য ও আস্থাভাজন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে চায় বিএনপি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি এমন একজনকে রাষ্ট্রপতি পদে দেখতে চায়, যিনি দলীয় আস্থার পাশাপাশি অভিজ্ঞ, সাহসী, দক্ষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য। অতীতের অভিজ্ঞতার কারণে এবার তাড়াহুড়া না করে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে দলটি।
রাষ্ট্রপতি পদে মনোনয়নের এখতিয়ার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হাতে থাকলেও প্রয়োজনে তিনি দলের স্থায়ী কমিটির সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গেছে।
সম্প্রতি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সংবিধান ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রেখে দেশের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের মানুষের কাছে শ্রদ্ধেয়, দক্ষ ও বিজ্ঞ একজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি পদে বেছে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক প্রজ্ঞার ওপর দলের নেতাকর্মীদের আস্থা রয়েছে এবং সবদিক বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়েও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।