উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। পরে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রায় দুই হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উৎপাদনকারী একটি চক্রের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার ৯৬৮ পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, ইয়াবা তৈরির যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের পেশাদার মাদককারবারি বলে স্বীকার করেছে।
তিনি আরও জানান, অভিযুক্তরা প্রায় দুই বছর ধরে ইয়াবা উৎপাদনের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকটি কারখানার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পকারখানায় ব্যবহার করা হয়। তবে অভিযুক্তরা এসব উপাদান ব্যবহার করে ইয়াবা তৈরির নিজস্ব পদ্ধতি তৈরি করেছে। কাঁচামালের উৎস এবং উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও জানান, চক্রটি কেরানীগঞ্জ ছাড়াও কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।