উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মরদেহ দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শেফালী বেগম ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত ছিলেন। শুক্রবার সকালে মধ্য বাড্ডায় দায়িত্ব পালনকালে একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
ডিএনসিসি প্রশাসক বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করছে এবং যেসব চালকের বৈধ লাইসেন্স নেই বা যারা অদক্ষ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করে নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কর্মরত অবস্থায় যাতে আর কোনো পরিচ্ছন্নতাকর্মীর এমন মর্মান্তিক মৃত্যু না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
শফিকুল ইসলাম মিল্টন নিহত শেফালী বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা এবং শেফালী বেগমের এক বছরের বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবির।