উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের একটি বিরল ইয়েলোফিন টুনা মাছ। স্থানীয় মৎস্য আড়তে মাছটি ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনি ফিশ আড়তে আনা হলে বিরল এ সামুদ্রিক মাছটি দেখতে স্থানীয়দের ভিড় জমে। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মাছটি কিনে নেন।
মাছটির ওজন ছিল ২৮ কেজি ৯০০ গ্রাম, যা প্রায় ২৯ কেজির সমান।
ক্রেতা ইসমাইল হোসেন বলেন, এর আগে তিনি এ ধরনের মাছ দেখেননি। ইয়েলোফিন টুনা অত্যন্ত সুস্বাদু ও উচ্চমূল্যের মাছ। ভালো দামে বিক্রির জন্য এটি ঢাকায় পাঠানো হবে।
এফবি সজীব ট্রলারের জেলে জীবন মাঝি জানান, দুই দিন আগে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় মাছটি তাদের জালে ধরা পড়ে। তিনি বলেন, এ ধরনের মূল্যবান মাছ খুব কমই ধরা পড়ে। তাই মাছটি পেয়ে তারা আনন্দিত।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলের একটি দ্রুতগতির সামুদ্রিক মাছ। পূর্ণবয়স্ক একটি ইয়েলোফিন টুনার দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৪ মিটার এবং ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে।
তিনি আরও বলেন, মাছটি সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করলেও অনুকূল পরিবেশে কখনো কখনো উপকূলের কাছাকাছি চলে আসে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে সক্ষম হওয়ায় এটি বিশ্বের দ্রুততম সামুদ্রিক মাছগুলোর অন্যতম।