উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামে অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার চিলারবাগ এলাকায় বিজয় স্তম্ভ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগ এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আহত রোজা সম্পর্কে আয়ানের খালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাড়িতে ফিরে যেতে বললেও তারা তা না শুনে পানিতে গোসল ও খেলাধুলা করতে থাকে।
একপর্যায়ে শান্তা বাড়িতে ফিরে এলেও আয়ান ও রোজা পুকুরে থেকে যায়। পরে তারা পানিতে তলিয়ে গেলেও বিষয়টি কেউ বুঝতে পারেনি।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, তারা পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন।
উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আয়ানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রোজা বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা বলছেন, শিশুদের পুকুর বা জলাশয়ে গোসলের সময় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকা প্রয়োজন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।