উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্ভাব্য বিচ্ছিন্নকরণ (সেপারেশন) অস্ত্রোপচারের জন্য মূল্যায়ন করতে ফিজির জোড়া লাগানো যমজ শিশু জেসিবেল ও ডেসিসিয়াকে সৌদি আরবে আনা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর শিশু দুজন ও তাদের পরিবারের সদস্যদের কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেনস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে বিচ্ছিন্নকরণ অস্ত্রোপচার সম্ভব কি না, তা মূল্যায়ন করবেন।
এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায়।
কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র (KSrelief)-এর সুপারভাইজার জেনারেল এবং Saudi Conjoined Twins Program-এর প্রধান চিকিৎসক ডা. আবদুল্লাহ আল-রাবিয়াহ বলেন, সৌদি নেতৃত্বের এই উদ্যোগ দেশটির মানবিক দায়িত্ববোধের প্রতিফলন। জাতীয়তা বা ধর্ম নির্বিশেষে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানেই সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, সৌদি Conjoined Twins Program বিশ্বের জটিলতম জোড়া লাগানো যমজ শিশুদের চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কর্মসূচিতে পরিণত হয়েছে। দক্ষ চিকিৎসক দল ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এ কর্মসূচি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এদিকে শিশু দুটির পরিবার সৌদি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা এবং দ্রুত বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করায় তারা সৌদি নেতৃত্ব ও জনগণের প্রতি কৃতজ্ঞ। এখন তারা চিকিৎসকদের মূল্যায়নের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।