উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। একই সঙ্গে বিষয়টি যাচাই করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বস্তুটি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল স্টেশন এলাকা ঘিরে রাখা হয়েছে। সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করবে।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। আপাতত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ট্রেনের স্টপেজ বন্ধ রাখা হয়েছে। বস্তুটি আসলেই কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।