উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুমের সঙ্গে জড়িত ব্যক্তি এবং আলামত নষ্টের চেষ্টা করা সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (১ আগস্ট) সকালে র্যাবের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, “গুমের সঙ্গে যারা জড়িত এবং বন্দিশালার আলামত নষ্ট ও দেয়াল তুলে গোপন কক্ষগুলো লুকানোর চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।”
তিনি বলেন, কথিত ‘আয়নাঘর’ কোনো কল্পকাহিনি নয়, এটি বাস্তব। এসব বন্দিশালার মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আমিনুল ইসলাম আরও জানান, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও এই টিএফআই সেলে রাখা হয়েছিল।
এর আগে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে, টিএফআই সেলসহ কয়েকটি গোপন স্থানে মানুষকে আটকে রাখা হতো। এসব অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট আলামত ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে টিএফআই সেল পরিদর্শন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।