উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন লক্ষ্য করে হামলার চেষ্টা করতে পারে। এ কারণে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে সতর্কতা বাড়াতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা বা শিথিলতার সুযোগ নেই। বিশেষ করে দায়িত্ব পালনের সময় এবং ডিউটি শেষে পার্কিং করা অবস্থায় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এতে আরও বলা হয়, কোনো পুলিশি যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং সংশ্লিষ্ট সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে থাকতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না।
এ ছাড়া থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডসহ নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
পুলিশ সদর দফতরের বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।