উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বার্লিন প্রাইডে গত সপ্তাহের প্রাণঘাতী হামলার ছায়া সঙ্গী হলেও নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিশ্বপ্রাইড (ওয়ার্ল্ডপ্রাইড) উদ্যাপনে শনিবার নেমেছিল লাখো মানুষের ঢল। কঠোর নিরাপত্তার মধ্যেই শহরের খালজুড়ে অনুষ্ঠিত হয় বর্ণিল ক্যানাল প্যারেড, যেখানে উৎসবের পাশাপাশি সমঅধিকার ও অন্তর্ভুক্তির বার্তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রংধনু পতাকা, বেলুন ও নানা সাজে সজ্জিত নৌযানগুলো শহরের খাল অতিক্রম করে। তীরে দাঁড়িয়ে রঙিন পোশাকে হাজারো মানুষ করতালি ও উচ্ছ্বাসে অংশ নেন। অনেকের হাতে ছিল সমঅধিকারের দাবিতে লেখা প্ল্যাকার্ড।
এবারের বিশ্বপ্রাইড আয়োজনের স্বাগতিক শহর আমস্টারডাম। ২৫ বছর আগে বিশ্বের প্রথম আইনগতভাবে স্বীকৃত সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত হওয়ার স্মরণে এবার শহরটিকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে। দুই সপ্তাহব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য "UNITY" (ঐক্য)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের প্রথম প্রকাশ্যে সমকামী প্রধানমন্ত্রী রব জেটেন। নিরাপত্তায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ সদস্য। তারা সাইকেল, নৌকা, জেট স্কি ও গাড়িতে টহল দিয়ে পুরো অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করেন।
গত সপ্তাহে বার্লিন প্রাইডে ভ্যান হামলায় একজন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার পর আমস্টারডাম সিটি কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়। তবে আয়োজকরা জানান, নিরাপত্তা জোরদার হলেও অনুষ্ঠানের মূল লক্ষ্য—অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের উদ্যাপন—অপরিবর্তিত রয়েছে।
আমস্টারডাম প্রাইডের মুখপাত্র মার্টেইন আলবার্স বলেন, "সন্ত্রাসবাদের উদ্দেশ্য ভয় ছড়িয়ে দেওয়া। আমরা সেই ভয়কে জয় করতেই এখানে একত্রিত হয়েছি।"
অংশগ্রহণকারীদের অনেকেই বলেন, বার্লিনের হামলা তাদের উৎসবে যোগ দেওয়ার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। নেদারল্যান্ডসে বসবাসরত মার্কিন নাগরিক ট্রে শন গ্রিফিন বলেন, "যদি কেউ আমাদের ভয় দেখিয়ে লুকিয়ে রাখতে চায়, তাহলে আমরা আরও জোরালোভাবে নিজেদের উপস্থিতি জানান দেব।"
আরেক অংশগ্রহণকারী জুলিয়ান ভ্যান ডার হাইডে বলেন, বার্লিনের হামলা প্রমাণ করেছে যে প্রাইড আয়োজন এখনো কতটা প্রয়োজনীয়।