উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের স্বীকৃতির দাবিতে এক তরুণী অভিযুক্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চাচই গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণী নাজমিন নাহার প্রেমা (১৮) উপজেলার আড়পাড়া গ্রামের নাজমুল শিকদারের মেয়ে। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) একই উপজেলার চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
তরুণীর দাবি, প্রায় দুই বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ৯ এপ্রিল তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহের অঙ্গীকারনামা সম্পন্ন করেন। এরপর বিভিন্ন সময়ে তারা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে প্রায় দুই মাস পর থেকে ফেরদৌস তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ প্রেমার।
এ অবস্থায় রোববার সকালে স্বামীর বাড়ির সামনে অবস্থান নেন তিনি। ঘটনাস্থলে তার হাতে একটি বিষের বোতল দেখা যায়। তিনি দাবি করেন, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে তিনি চরম সিদ্ধান্ত নেবেন।
ঘটনার পর অভিযুক্ত ফেরদৌস আলী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি তার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।