উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় বিএনপির সাবেক কর্মী রাজু আহমেদ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত শাহাদাত প্রধানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা।
এছাড়া অভিযোগ রয়েছে, শাহাদাত প্রধান মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার হত্যা মামলারও ২ নম্বর আসামি। তবে এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় হয়নি।
জানা গেছে, গত রোববার রাত প্রায় ১১টার দিকে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নিহত হন বলে অভিযোগ রয়েছে। নিহত রাজু আহমেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে।
নিহতের মা ও ছোট বোনের দাবি, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাজুর ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় শাহাদাত প্রধানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত শাহাদাত প্রধানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজু হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।