উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতিরিক্ত বিদ্যুৎ বিল–সংক্রান্ত ‘মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা প্রত্যাহার করেছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে সংশোধিত অবস্থান জানায় সংস্থাটি।
নতুন বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ বলেছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করছে এবং এর প্রতিবাদ জানাচ্ছে। বিভাগটির দাবি, অতিরিক্ত বিদ্যুৎ বিল–সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এর আগে সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির শেষ অংশে বলা হয়েছিল, ‘প্রমাণ ছাড়া অতিরিক্ত বিদ্যুৎ বিল-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পরে রাতের বিজ্ঞপ্তিতে ওই অংশটি বাদ দিয়ে সংশোধিত বক্তব্য প্রকাশ করা হয়।