উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের ভূখণ্ড ব্যবহার করে পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন—সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়টি উত্থাপন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে ভারতের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
জবাবে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার আশ্বাস দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিভিত্তিক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (FCC South Asia) আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও বাংলাদেশে ফেরার বিষয়ে কথা বলতে পারেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। একই সঙ্গে নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
অন্যদিকে, ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আলোচনায় পারস্পরিক স্বার্থ ও জনগণকেন্দ্রিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করে দুই দেশের জনগণের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও হাইকমিশনার পুনর্ব্যক্ত করেছেন।