উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বাংলামোটর এলাকায় ২০১৫ সালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামি যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) ভোররাতে চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। হান্নান মিয়া ওই ইউনিয়নের মফিজ মাঝির ছেলে এবং তেজগাঁও থানা যুবলীগের ২ নম্বর ইউনিটের সভাপতি।
পুলিশ জানায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রায় ১০ বছর পর, ২০২৪ সালের ২৩ নভেম্বর ফজলুল করিম নামে এক ব্যক্তি আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হান্নান মিয়া ১৭৮ নম্বর আসামি।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) গাজী কামালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হান্নান মিয়াকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গাড়িবহরে হামলার মামলায় হান্নান মিয়া জামিনে থাকলেও নাশকতার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।